Tag: Abritti

চামেলী মাসি (অর্পণ বসু)

ওপার বাংলায় দ্যাশ আমার;
ফরিদপুরে ভিটে।
বাবা সকালে উঠে গামছা গলায়,
লাঙলে হাত দিত,
আর মা, আমার আর ভাইয়ের জন্য রান্না চাপাত।

পান্তা ভাত খেয়ে আমি আর ভাই পেয়ারা গাছে উঠতাম চড়ে,

“ও বালি! বাবু আয়, একবারটি এদিকে, বাবুর খাবারটা দিয়ে আয়।”
“আসছি মা! এই দিদি আরেকটু পরে।”

পাশের গাঁয়ের দুলাল চাচা নাম রেখেছিল বালি। ওর মেয়েটা কালাজ্বরে মরেছে,
ছেলেটা বোধহয় বর্ডারে আর বৌটা! আস্ত পাগলি!

পুকুরের ধার ঘেষে যাচ্ছিলাম,
দেখছিলাম শিবু আর পিসি কে,
দেখছিলাম লম্বা চুল কতটা,
যাচ্ছিলাম বাবুর পাঠশালার ওপাশ দিয়ে।

বাবু যখন ছোট ছিল,
আমার কোলে ঘুমোতোইনা,
আমি মারলে খিল-খিল করে উঠত হেসে।
‘খোকা ঘুমাল, পাড়া জুরাল, বর্গি এল দেশে..’

এক রাত্রে কি যে হল, কে জানে,
সেরম কিছু মনে নাই,
কেরম পোড়া পোড়া গন্ধ, কালো কালো ধোয়া,
লোকের হাহাকার, চিরবির আওয়াজ,
হঠাৎ মা বাবুকে আর আমাকে টেনে তুলে,
ছুড়ে ফেলল বাইরে, পিছনের বাঁশ বাগানে।
“পালা বালি পালা! বালি পালা!”
আমি ছুটলাম, খুব ছুটলাম।
দুটো লোক মশাল নিয়ে ধেয়ে আসছে,
আর বাবু?
নেই আমার পাশে।

চোখ খুলল কাঁটাতারের পাশে,
বর্ডারের কাঁটাতার।
কাপড়টা পাশ দিয়ে এক হাত ছেঁড়া।
পেরোলাম কাঁটাতার,
পেরোলাম ধান খেত,
পেরোলাম অজস্র কাদা,
পেরোলাম আগের রাতের ধোঁয়া,
পেরোলাম মুক্ত বাতাস,
পেরোলাম দুলাল চাচার ছাই হয়ে যাওয়া ঘর,
পেরোলাম রক্ত,
পেরোলাম পোড়া হাট,
পেরোলাম দানগুলির গুটি,
পেরোলাম বুবুর টুকরো কাপড়,
পেরোলাম ছেঁড়া রুটি।
পেরোলাম পুলিশ,
পেরোলাম সূর্যের আলো,
আর পেরোলাম বালি…
বালি…
বালি… বালি…

সাড়ে সাত যুগ

তার চেয়ে তো সন্ধে আসে তাড়াতাড়ি,
তবু – প্রতি সন্ধ্যায় তার আসা হয় না –
অকারণ ভিড়ে – ভাসতে ভাসতে –
নতুন কিছু মানুষ দেখা।
নতুন কিছু মুখ – নতুন কিছু –
তবু তার আসা হয় না।

আসবে বলে এসেছিলো কখনো ?
অথবা আসবো বলেছিলো ?
মনেও কি আছে সেসব ?
সেই সাড়ে সাত যুগ আগে -।

নদী বক্ষে এতো চর ছিল না –
বাঁধটাই হয়তো ছিল না।
মনেও কি পড়ে না ?
মাত্র সাড়ে সাত যুগ আগে -!
মুহূর্তরা সব মমির মতো –
জাল বুনতে সময় লাগে –

…সাড়ে সাত যুগ লাগে।

অভিসারিকা (মৌসুমী রায় ঘোষ)

ক্লান্ত কারা যেন বলে গেলো
দেখা হবে আজ|
সকাল থেকে তৈরি হয়েছি|
স্মৃতি থেকে তুলি করে তুলে
এনেছি তোমার সাথে কাটানো
মন কেমন করা বিকেলের রঙ|
যত্নে লাগিয়েছি গালে|
কথা ছিলও দেখা হলে
ধরা দিতে হবে|
এখন শুধু তারই অপেক্ষা|
মেঘ রঙা কাজল চোখে দেওয়ার
বড়ো সাধ| তবু মনে ভয়|
মেঘেই তো লুকিয়ে বৃষ্টি|
রক্তাক্ত ঠোঁটে অভিসারে যাই|

 


 

বনসাই

সোনালী – সোনালী আবির মাখা রোদ –
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে –
রাত্রির পর্ণ কুটিরে।।
আমি আকাশ জুড়ে তারই শব্দ ছবি –
কুড়ায়ে পেয়েছি –
মেহগনি পাতার ভিতর -।
এত কথা –
এত ঘর – এত নিবিড় আবেশ
অনেক – অনেক – বর্ণমালা – আর –
শব্দ জুড়ে – জুড়ে ।
সেদিনও কি সেই অবোধ বালক
দুধ ভাত মাখা হাতে –
দুধ ভাত মাখা ঠোঁটে –
মিশে যাবে তিমিরে – আঁধারে – ।।
সোনালী – সোনালী আবির মাখা রোদ –
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে ?
রাত্রির পর্ণ কুটিরে।।

তবু কেন আকাশে বাতাসে –
এত সুর এত মেঘ –
এত বৃষ্টি বুকে –
নীল্ – ভাঙ্গা ভাঙ্গা – কবিতার মত – ।
মেঘ যদি মিশে যায় – শিশিরে শিশির ঝরে
আরবার –
মেঘ পোয়াতি রোদ্দুর সব –
সোনালী – সোনালী আবির মাখা রোদ ?
সন্ধ্যা আদর করে নিয়ে গেছে তারে –
রাত্রির পর্ণ কুটিরে।।

এসো তবে – অতিবৃধ্ধ – বটবৃক্ষখানি –
দৃষ্টি তোমার মেঘ হোক – রোদ হোক –
পৃথিবীর আড়াআড়ি সময়ের রেখা ধরে –
হামাগুড়ি দেওয়া – অলস সকাল।।
হাত ধরে তার – অবোধ বালক –
দুধ ভাত মাখা হাতে –
দুধ ভাত মাখা ঠোঁটে –
ফিরে যাক – ফিরে যাক – নিবিড় হৃদয় ।


 

স্বাধীনতা ভোগ (সাইদুর রহমান)

শ্যামল সবুজে ঐযে রক্তে মাখা রবি
এযে বাংলার পতাকা আকাশের বুকে;
জ্ঞাত বিশ্ববাসী, জানি তা আমরা সবি
লক্ষ লাশেরও গন্ধ আজো পাই নাকে।
কত গর্বিত জনতা, স্বাধীনতা পেয়ে
বিজয় উল্লাসে ফেটে পড়ে সারা দেশ;
এদিনে হাসির রেখা, বীরাঙ্গনা মায়ে
এখনও তবু যেন আতঙ্কের রেশ।

শহীদ সে পরিবার আজো আকিঞ্চনে
তাদের অস্তিত্ব ভারী, মুক্তির বিরোধী;
পুষ্টিতেও ভরপুর, চোরা মাল ধনে
সর্বস্বান্ত তারা, যারা তবে প্রতিবাদী।
দেখতে দেখতে, গত হলও চার যুগ
জনতা করবে কবে, স্বাধীনতা ভোগ ?

 

বিঃদ্রঃ –
চতুর্দশপদী
(বিজয় মাসের কবিতা)

 


 

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice