Tag: Amitava

মোমেন্টাম

Momentum
kobita-momentum

স্বপ্নিল মুহূর্তগুলো রাতভেজা বৃষ্টির সুরে;
কিছু অবাক জলছবি হয়ে ঘুমিয়ে পড়ে;
রাস্তায় –
কাল তোমার পা ছুঁয়ে যে শিরশিরে অনুভূতি –
পাতা – বুক – চিবুক – ভেজা আকুতি;
আজ তাই – গলিত সোনার মতো –
হাওয়ায় সাথে অন্তরঙ্গ অনেকক্ষন;

তারপর;
ভিড় করে আসে আলোর মোমেন্টাম –

দুলে দুলে ওঠে ঢেউয়ের উচ্ছাস ;
হয়ত’ বা আকাশ জুড়ে একটা লাল শঙ্খ –
ফুৎকারে তার প্রলয় নিশ্চিত -!

তবু – হে শ্রাবন – এখনই ক্লান্তি নয় –
আরো কিছু – টিপ্ টিপ্ – টিপ্ টিপ্ – মেমেন্টো –
আরো কিছু – সিক্ত মোমেন্টাম।

বৃষ্টি আবার

গায়ে আমার বৃষ্টি ভেজা গন্ধ মাখা –
চোখে আমার কান্না চাপা বলি রেখা –
কে বলে যে – শুধুই আমি কাঁদতে জানি –
অঝোর ধারা বৃষ্টি মাঝে –
এই দেখো না –
কেমন আমি হাসতে জানি -!

কেমন আমার দুঃখ সুখের অঙ্ক গুলো
বৃষ্টি আবার নতুন করে নিকিয়ে নিলো
আমার সকল চাওয়া পাওয়ায় নৌকা গড়া –
পাল তুলে দি –
বান এসেছে – পালা তোরা -!

নিষিদ্ধ শব্দে

গৌরচন্দ্রিকায় বড় কাল ব্যয় হয় ।
রাত একটু নিশুতি হলে
কত অনিয়ন্ত্রিত শব্দ আসে – স্বপ্নের মতো
ধাতব যান্ত্রিক – গলিত সুখ বোধ অথবা অস্ফুট গোঙানি –
অভুক্ত শ্বাপদের ম্রিয়মান শীৎকার –
নিস্তব্ধ অন্ধকার – দীর্ঘ নিঃশ্বাসে – বুক ভারী হয়ে আসে।
কালপেঁচা উড়ে যাওয়া – এই সব রাতে – দ্রবীভূত কিছু
মাতালের মতো ঘুম ঘুম স্বপ্নের জট।

পাতায় পাতায় লেখনীর প্রস্তুতি – কাল ভোর হওয়ার আগে
নিয়তির চাপা আক্রোশের মতো – লালায়িত জিহ্বার
নিদারুন উচ্ছাস।
অনেকটা কাছে গেলে – সেই ধ্রুবতারা – কালপুরুষ ছেড়ে
অনেকটা কাছে গেলে –
এরকমই অনেকটা – ফেনিল রক্তিম কিছু আঁচড়ের শব্দ
ভিড় করে – অনন্ত আকাশ জুড়ে।

সেই নিষিদ্ধ শব্দের রঙে – কিছু পুবের হাওয়া –
দুহাতে – আঁচলে – শরীর ঢাকে ব্যস্ত শব্দেরা সব।
রাত ভোর হলে- কুয়াশায় – হাওয়ায় হাওয়ায় –
কাঁচা মাটির ভিজে যাওয়া নরম মনের মতো –
অথবা – এলো চুলে আগাছার অতৃপ্ত জঙ্গল –
মোমের মতো খুঁটে খাওয়া জমাট জোৎস্না।
এসব ফেলে আর ঘুম আসে না –
ঘুম আসে না বড়।

চালসের দিন

বছরে বছরে কখন যে চালসের দিন এলো বুঝলাম না।
ধোঁয়ায় – কুয়াশায় বড় সতর্ক মনে হয় –
এই অবিরাম শ্বাসকষ্ট ছেড়ে পূর্ণ মুক্তি –
হয়তো কোনোদিন পূর্ণিমার ঘ্রান –
আকাশে বাতাসে মেঘেদের নিরন্তর মন্ত্রণা –
দিকচক্রবাল জুড়ে একরত্তি বৈতরণী
অথবা – অন্ধকার – পিদিমের মিটিমিটি চাহনি।

তবুও অগ্রাহ্য করি – একঘেয়ে টিক টিক –

যদি কখনও বা উল্টো গোনার সাহস সঞ্চয় করি হঠাৎ –
– আবার শুনবো একমনে –
টিক টিক টিক……..।

শেষ অধ্যায়

আজ প্রদীপের বড্ড মন ভার
এলোমেলো চাউনি – থরথর করে কাঁপছে।
চোখের তলায় কালি জমেছে
গাল ফুলিয়ে – চোখ রাঙিয়ে – বসে আছে সে।
রোজ সন্ধ্যায় – খুকি যে গল্পটা পড়ে –
আজ ছিল তার শেষ অধ্যায়।
গল্প – তা – সে
মোটামুটি – একই রকম –
কিন্তু – এই সন্ধ্যা থেকে রাত হওয়ার বয়ঃসন্ধি কালে –
সেই গল্প – মনে হতো – ঠাকুমার কোলে কোনো আরব্য রজনী।
দু হাতে যতটা সম্ভব অন্ধকার ঠেলে রেখে –
মন দিয়ে শুনতো সেই গল্প- প্রদীপ।
তারপর –
বয়ঃসন্ধি – পেরিয়ে –
রাত গভীর হলে – নিভে যেত সব –
শুধু তেল পোড়া – মিষ্টি ধোঁয়ার গন্ধে ডানা মেলে উড়ে যেত সে –
সেই – অচিনপুরে – সেই রাজকুমারী –
সেই ঘুমপাড়ানি সোনার কাঠি – রুপোর কাঠি –
ঘোড়ায় চড়া রাজকুমার –
তারপর –
– ঘুম নেমে আসত – পৃথিবী জুড়ে -।

আজ সেই গল্প শেষ হয়েছে –
আজই ছিল শেষ অধ্যায় -।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice