Tag: Kolkata

চল যমুনায়

যদি আজ আকাশ ঘিরে মেঘ জমে 
যদি আজ বাদল ভেঙ্গে মেঘ ঝরে 
যদি আজ শিউলি ফুলে রং জমে 
যদি আজ পলাশ বনে লাজ করে –

এবার আপন মনে খেলার সাথী 
চল যমুনায় প্রেম মাখি 
হাতের পরে হাত রাখি 
চোখের পরে চোখ রাখি। 

যদি আজ –
ঘুম ছিঁড়ে মোর রাত পোয়াতি
যদি আজ –
ঘুম জুড়ে মেঘ রাত নিশুতি –
যদি এই সৃষ্টি জুড়ে ভাঙ্গন মেলা 
তবু হায় হেলায় ফেলি ছেলেবেলা। 

যদি হায় আমার আমি যায় মুছি –
                       গো যায় মুছি –
যদি হায় মরণ দিয়ে যাই বাঁচি –
                       গো যাই বাঁচি –
তবু ওগো সৃষ্টি নিয়ে খুব ছুটি – 
                      গো খুব ছুটি –
যখন আমার – নিশীথ জুড়ে রাত পোয়াতি
                     রাত নিশুতি। 

সেদিন তুমি মিথ্যা কোনো আশ্বাস দিয়ে 
এমনি করে হঠাৎ করে দাও রাঙিয়ে।

তবু যখন দুচোখ ভাঙ্গা স্বপন জোড়া 
হার মানা এই আকাশ জুড়ে আবার হারা –
মিশে যাবে – বুড়ি তাতাই – আমার আমি –
                              নদীর তীরে – 
হার মানা এই আকাশ জুড়ে –  ।

এবার তবে খেলার সাথী –
চল যমুনায় প্রেম মাখি  –
হাতের পরে হাত রাখি – 
চোখের পরে চোখ রাখি। 

 

Listen this poetry


 

নগ্ন নিস্তব্ধতা (অমরনাথ বনিক)

কখনো কোনদিন একলা উদাস সকালে
তাকে যদি নিজের করে ডাকো
যে নেই সেও আসে
ক্ষমার ঔদার্যে
নিস্তব্ধ আকাশের আশ্বাসে তাকিয়ে— অঝোরে কাঁদলে যে এসেও ধরা দেয় না
তার উদাস স্পর্শতে
যদি না জানা গহনের উত্তর পেতে চাও
যদি কোনও মন-কেমনের উদাস বিকেলের চোখের জলের কারণ জানতে চাও
যদি চোখ ভেজা সন্ধের ক্যানভাসের
শেষ গন্তব্য কেন সে – জানতে চাও
তবে কখন  কোনদিন একলা উদাস সকালে
নিজের মনের নগ্ন নিস্তব্ধতাকে একটু কথা বলতে দাও।

 

 


 

স্মৃতি (হাসান ইমতি)

স্মৃতি, তোর চুল ময়ূরাক্ষীর কাক কালো জল,
আমার খেয়া শুধু বারবার ডুবে ডুবে যায়,
আমি বারবার হেরে যাই নিজের কাছে,
আমি বারবার হেরে যাই সময়ের কাছে,
আমি বারবার হেরে যাই নিয়তির কাছে,
তবুও তুই প্রবহমান, স্রোতস্বিনী, তেজস্বিনী ।

স্মৃতি, তোর দুচোখ নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি
আমার কবিতার খাতা ছিঁড়ে তৈরি হয় কাগজের
খেলনা এরোপ্লেন, হাওয়ায় হাওয়ায় উদ্দাম উড়ে,
সে এরোপ্লেন কখনো পায়না তোর ছায়াপথের দেখা,
একসময় ক্লান্ত হয়ে সে ঝড়ে পরে ভূমি শয্যায়,
তবুও তুই থেকে যাস নিঃসীম নির্নিমেষ নক্ষত্রবীথি।

স্মৃতি, তোর হৃদয় অনতিক্রম্য অনন্ত মহাকাল,
আমার হাহাকার নিঃশেষে মিশে যায় স্তব্ধ
সাগরের বুকে ঝরা এক ফোঁটা বৃষ্টির মতো,
আমার বুক থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের পথ
বেয়ে ধরণীতে নেমে আসে বাঁধভাঙা অশ্রু প্লাবন,
তবুও তুই থেকে যাস অনতিক্রম্য অনন্ত মহাকাল ।


 

মেমসাহেব (অমরনাথ বনিক)

দূর ঐ দূর প্রান্তে দাঁড়িয়ে তুমি 
                আমি  এ প্রান্তে
হালকা  হালকা  মিশে যাচ্ছ' দূরে
তোমার আলতার পায়ের রেখা
                         এখনো হেঁটে  চলছে
বন্ধ চোখে আমি তোমায় কাজল পড়িয়েছি
কোথায় যাচ্ছ চলে ?
                          বলে গেলে না !
ভিজিয়ে গেলে আমায়
একুশ বসন্ত কাটিয়েছ' আমার সাথে
একুশ  বার তোমার গালে হলুদ রং— ঢেলেছি নিজের ক্যানভাস করে
এরকম ভাবে সব মুছে  চলে যাচ্ছ' !
আমার অকৃতজ্ঞ  হাত এখনো তোমার- মুখ ধরে আছে 
      একটু  চেয়ে দেখ !
তোমার আচলে আমি বাঁধা 
সেই গাঁটকে এইভাবে মিথ্যে বলছ?
আমার আত্মজীবনী লেখা রইল—
ঐ শেষ গাঁটে
ছিঁড়ে চলে গেলে তুমি 
শুধু রইলো ঐ টুকরো
চোখে কাজল গায়ে বেনারসি পড়ে তুমি- এগিয়ে যাচ্ছ'
এক ফোঁটা জল ধার দিয়ে গেলে না
সবইত' নিয়ে গেলে ঐ গাঁটে
বসন্তকে কুয়াশা চড়িয়ে
দূর ঐ দূর প্রান্তে দাঁড়িয়ে তুমি
                  আমি এ প্রান্তে

ব্যবধান (অমরনাথ বনিক)

দূর সেই সীমানা পেরিয়ে  তুমি
আমি  আছি সীমানার ধারে
মাঝে পদ-চিহ্নহীন আলোক পথ।
মধ্যরাত্রে ভারি শীতল বায়ুর কাছে
একা হয়ে পরেছি আজ
শূন্যতা সঙ্গই বলে আমায়
কিন্তু  আমি  সেই সম্পর্ক চাই না।
তোমার সাথে থাকা সেই স্নিগ্ধ-বায়ু বয়ে চলে এখন আমার দেশকাল জুরে
তুমি কি এখনো সেইরকম ই আছো?
তুমি যদি থাকতে এখনও কি —
আগের মতন রাতের বৈশিষ্ট্য  পূরণে সাহায্য  করতে?

জানি না!
জানো,দূরের সেই পলাশের গাঢ় রক্ত-লাল
আবছা  হয়ে গেছে আজ।
আজ আর ধরা দেয় না
নদীর বুকে রৌদ্রের শেষ আভার সাক্ষী হয়ে যে পারে আমি আর তুমি বসতাম
সেই পার,এখন তীব্র  অপেক্ষায় আছে
আমাদের দুজনের।
যে কবিতার বন্যা তুমি আমায় দান করেছিলে,সেই ভাবাবেগ কোথায় যেন আজ উবে গেছে।
যে চাঁদকে তুমি আমায় নতুন করে দেখতে  শিখিয়েছিলে,সেই মায়া আজ কোন অলিক মেঘে ঢাকা পড়ে গেছে।
এই ব্যবধানের কোন শুরু নেই,
নেই কোন শেষ।
তবু,আজও পুরনো সেই স্মৃতির ধুলো বালি দিয়ে,আরও বেশী জড়িয়ে নিয়েছি তোমাকে  ।
আজও ধরে রেখেছি সেই স্মৃতিগুলিকে
এই নিঃস্ব পাতায়।

Announcements

  • আপনাদের আশীর্বাদে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ অষ্টম বর্ষ অতিক্রম করলো। আমরা আমাদের এই site টি নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনাদের মতামত জানান আমাদের email এ (info@amarbanglakobita.com)। বিশদ জানতে contact us menu দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।
  • আনন্দ সংবাদ! আমাদের এই site এ এবার থেকে গল্প, প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

Recent Comments

Editorial Choice